টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনের কাউন্সিলর প্রার্থীদের ডেকে জেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহকারী রোজিনা আক্তার টাকা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্রে ভুলের অজুহাতে তিনি টাকা আদায় করছেন। শনিবার (২ জানুয়ারি) রোজিনা প্রার্থীদের মধ্যে অন্তত ১০ জনের কাছ থেকে মাথাপিছু ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন বলে জানা গেছে।
কয়েকজন কাউন্সিলর প্রার্থী জানান, রোজিনা আক্তার গত শুক্রবার থেকে বিভিন্ন কাউন্সিলর প্রার্থীর মোবাইল ফোনে কল করে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দেখা করতে বলেন। তার কথামতো প্রার্থীদের অনেকে শনিবার তার সঙ্গে দেখা করেন। তখন রোজিনা ওই প্রার্থীদের মনোনয়নপত্রে নাম-স্বাক্ষর সঠিক না হওয়াসহ বিভিন্ন ভুলের কথা বলে টাকা দাবি করেন।এক প্রার্থী জানান, তার মনোনয়নপত্রে সমর্থক হিসেবে যিনি রয়েছেন, তিনি স্বাক্ষরের জায়গায় পুরো নাম লিখেছেন। ওই ‘ভুল’ ঠিক করে দিতে তাকে ডাকা হয়েছিল। দুই কাউন্সিলর প্রার্থী জানান, মনোনয়নপত্রের ভুল সংশোধনের জন্য তারা রোজিনা আক্তারকে ১০ হাজার করে টাকা দিয়েছেন।
আরেক কাউন্সিলর প্রার্থী জানান, তাকে ডেকে নিয়ে মনোনয়নপত্রে কথিত ভুলের কথা উল্লেখ করে রোজিনা ভুল ঠিক করার পাশাপাশি চা-পান খাওয়ার জন্য টাকা চান। পরে তিনি ৫ হাজার টাকা দিয়েছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে রোজিনা আক্তার বলেন, ‘সমস্যার কারণে প্রার্থীদের ডাকা হয়েছে। তাদের ভুল দেখিয়ে দেওয়া হয়েছে মানবিক কারণে।’
মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষের পর প্রার্থীদের ডাকার বিষয়ে তিনি বলেন, ‘প্রার্থীদের ভালোর জন্য তাদের ডাকা হয়েছে। এটা যে তাদের কতটা উপকার হয়েছে তা পাস করার পর বুঝবে।’
প্রার্থীদের ডেকে টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, ‘রোজিনাসহ কয়েকজনকে কাজে সহযোগিতা করার জন্য অন্য জায়গা থেকে আমার কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি জানা নেই। তবে অভিযোগ সত্য হলে রোজিনার বিরুদ্ধে বিধি মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে।’